সাকিব আল হাসান। মাঠের ক্রিকেটে বিশ্ব সেরা অলরাউন্ডার। এবার ভোটের মাঠেও তিনি অলরাউন্ড পারফর্ম করেছেন। রাজনীতির মাঠে নেমেই সফলতা পেয়েছেন টাইগার অধিনায়ক। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী সাকিব আল হাসান মাগুরা-১ আসনে বেসরকারি ফলাফল অনুযায়ী বড় ব্যবধানে জয় পেয়েছেন।
ভোট গণনার শুরু থেকেই প্রতিদ্বন্দ্বীদের তুলনায় বেশ অনেকটাই এগিয়ে ছিলেন সাকিব আল হাসান। একেকটি কেন্দ্রের ফলাফল আসার পর থেকেই শুরু হয় সাকিবভক্তদের উল্লাস। সাকিবকে একপর্যায়ে ফুল দিয়ে বরণ করে নেন জাতীয় দলের দুই ক্রিকেটার নাজমুল হোসেন অপু এবং রনি তালুকদার। নির্বাচনের শুরু থেকেই সাকিবের সঙ্গেই ছিলেন জাতীয় দলের এই দুই তারকা।
নৌকা প্রতীকে সাকিব পেয়েছেন ১ লাখ ৮৫ হাজার ৩৮৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডাব মার্কার অ্যাডভোকেট কাজী রেজাউল পেয়েছেন ৫ হাজার ৯৯৪ ভোট।
