ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

দেশে ফেরার ঘোষণা, নাকি নেতা-কর্মীদের সান্ত্বনা? হাসিনার পাসপোর্ট আবেদন নিয়ে জামায়াতের দুই ব্যাখ্যা

দেশে ফেরার ঘোষণা, নাকি নেতা-কর্মীদের সান্ত্বনা? হাসিনার পাসপোর্ট আবেদন নিয়ে জামায়াতের দুই ব্যাখ্যা

শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। এ আবেদনের পেছনে দুটি সম্ভাব্য কারণ দেখছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির মতে, দেশে ফেরার প্রক্রিয়ার অংশ হিসেবে অথবা নেতা-কর্মীদের আশ্বস্ত করতে তিনি এমন উদ্যোগ নিয়ে থাকতে পারেন।

সোমবার জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের এক ভিডিও বার্তায় এ ধারণা তুলে ধরেন।

তিনি বলেন, শেখ হাসিনার আবেদনের প্রকৃত উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়। তবে এর মাধ্যমে তিনি দেশে ফেরার বিষয়ে নিজের অবস্থান তুলে ধরতে পারেন। পাশাপাশি দলীয় নেতা-কর্মীদের আশ্বস্ত করাও এর উদ্দেশ্য হতে পারে।

জুবায়ের আরও বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে আদালতের দেওয়া রায় কার্যকরে তাঁকে দেশে ফিরিয়ে আনা প্রয়োজন। এ ক্ষেত্রে ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তি, কূটনৈতিক আলোচনা এবং আন্তর্জাতিক সংস্থার সহযোগিতা নেওয়া যেতে পারে।