ঢাকা, বাংলাদেশ   বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

ট্রেনে আগুনের ঘটনা সরকারের পুরানো খেলার অংশ: রিজভী

ট্রেনে আগুনের ঘটনা সরকারের পুরানো খেলার অংশ: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকার আবারও আগুন নিয়ে খেলা শুরু করেছে। একতরফা নির্বাচন আয়োজন করতে সেই পুরানো খেলায় মেতে উঠেছে সরকার। আগেও অগ্নিসন্ত্রাসের নারকীয় তাণ্ডব চালিয়ে ক্ষমতাসীন গোষ্ঠী রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করেছিল। 'ডামি' নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার হরতালের প্রথম দিনে রাজধানীতে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে এসব কথা বলেন তিনি।

শনিবার সকালে রাজধানীর শাহবাগ মোড় থেকে রুহুল কবির রিজভীর নেতৃত্বে মিছিল বের করে বিএনপি নেতাকর্মীরা। মিছিলটি বাংলা মোটরে গিয়ে শেষ হয়। এ সময় টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ ও পিকেটিং করেন তারা।

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, গতকাল বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ড এবং হতাহতের ঘটনা সরকারি সে পুরানো খেলারই অংশ। জনগণ গণতন্ত্রের জন্য বিএনপিসহ বিরোধী দলগুলোর আন্দোলনে ব্যাপক সাড়া দিয়েছে। জনগণের সাড়া দেখে আবারও ক্ষমতাসীন মহল সন্ত্রাসের ওপর নির্ভর করে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। কর্তৃত্ববাদী দেশের মতো নির্বাচন আয়োজন করতে সরকার একের পর এক ষড়যন্ত্র করছে, আর দায় চাপাচ্ছে বিরোধী দলের ওপর। তাদের লক্ষ্যই হচ্ছে বিরোধী দলকে নিধন করে ক্ষমতায় টিকে থাকা।

তিনি বলেন, বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনা দূরভিসন্ধিমূলক। তিনি আবারও এই ঘটনায় জাতিসংঘের মাধ্যমে আন্তর্জাতিক তদন্ত দাবি করেন।