ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩

বঙ্গবন্ধু বাঙালি জাতির স্বাধীনতা এনে দিয়েছেন: আতিক

বঙ্গবন্ধু বাঙালি জাতির স্বাধীনতা এনে দিয়েছেন: আতিক

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৪ যথাযোগ্য মর্যাদায় পালন করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

শনিবার (১৭ মার্চ ২০২৪) সকালে ডিএনসিসি মেয়র মোঃ আতিকুল ইসলাম রাজধানীর গুলশান-২ এ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনের মূল ফটকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় শ্রদ্ধা নিবেদন করেন ডিএনসিসির সকল কর্মকর্তাবৃন্দ, কাউন্সিলরবৃন্দ, ডিএনসিসি শ্রমিক লীগ, ডিএনসিসি স্ক্যাভেঞ্জার্স এন্ড ওয়ার্কার্স ইউনিয়ন, ডিএনসিসি পরিবহন চালক-শ্রমিক-কর্মচারী কল্যাণ ইউনিয়ন।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে নগর ভবনের হলরুমে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার শুরুতেই জাতির পিতার রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। সভায় উপস্থিত অতিথিবৃন্দ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় মেয়র মোঃ আতিকুল ইসলাম বলেন, 'পাল, সেন, সুলতান, মোঘল, আফগান, ইংরেজ শাসন যাই বলি না কেনো, হাজার বছর পরাধীনতার গ্লানি বয়ে বেড়িছে এ জাতি। স্বাধীনতা ছিল আজন্ম চাওয়া। কেউ স্বাধীনতা দিতে পারেনি। কেবল স্বাধীনতা দিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু বাঙালি জাতির দীর্ঘ দিনের কাঙ্ক্ষিত স্বাধীনতা এনে দিয়েছেন। যার তর্জনীর ইশারায় মুক্তিপাগল মানুষ সমুদ্রের মতো জেগে উঠেছিল। ছিনিয়ে এনেছিল এই দেশ, এই স্বাধীনতা, একটি স্বাধীন মানচিত্র।'