মাগুরা ও ঝিনাইদহকে জাতীয় রেলনেটওয়ার্কের আওতায় আনতে নতুন রেলপথ নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। প্রস্তাবিত এই সংযোগ চালু হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে যাত্রী ও পণ্য পরিবহন সহজ হওয়ার পাশাপাশি সীমান্ত বাণিজ্যেও নতুন সুযোগ তৈরি হতে পারে।
রেলপথ মন্ত্রণালয় ঝিনাইদহ হয়ে মাগুরা থেকে দর্শনা-পোড়াদহ সেকশন পর্যন্ত রেল সংযোগের সম্ভাব্যতা যাচাইয়ের প্রকল্প প্রস্তাব অনুমোদন করেছে। বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের প্রধান প্রকৌশলী মো. আহসান জাবির জানান, এ সমীক্ষার জন্য ১০ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে এক মাসের মধ্যে প্রকল্প পরিচালক নিয়োগ দেওয়া হবে।
প্রস্তাব অনুযায়ী, মাগুরা থেকে ঝিনাইদহ হয়ে দর্শনা-পোড়াদহ পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার ব্রডগেজ রেললাইন নির্মাণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ঝিনাইদহ থেকে কালীগঞ্জের মোবারকগঞ্জ রেলস্টেশন পর্যন্ত আরও ২১ কিলোমিটার সংযোগের সম্ভাবনাও যাচাই করা হবে। সমীক্ষায় তিনটি বিকল্প রুটের কারিগরি, আর্থিক, পরিবেশগত ও সামাজিক দিক পর্যালোচনা করে উপযুক্ত পথ নির্ধারণ করা হবে।
প্রধান প্রকৌশলী জানান, মূল প্রকল্পের সম্ভাব্য ব্যয় প্রায় ১ হাজার ১৭ কোটি টাকা। সমীক্ষা শেষে ভূমি অধিগ্রহণ ও প্রস্তুতিমূলক কাজ শুরু হবে। ভূমি অধিগ্রহণে এক থেকে দেড় বছর এবং পুরো প্রকল্প বাস্তবায়নে পাঁচ থেকে ছয় বছর লাগতে পারে।
রেলওয়ের প্রস্তাবিত হিসাব অনুযায়ী, ৭০ কিলোমিটার রেলপথ নির্মিত হলে প্রায় এক কোটি মানুষ রেলসেবার আওতায় আসতে পারেন। মোবারকগঞ্জ পর্যন্ত অতিরিক্ত সংযোগ হলে আরও প্রায় ৫০ লাখ মানুষ উপকৃত হতে পারেন।
মাগুরা ও ঝিনাইদহ কৃষিপ্রধান অঞ্চল হওয়ায় নতুন রেলপথে কৃষিপণ্য পরিবহনের খরচ ও সময় কমতে পারে। পাশাপাশি শিল্প ও ব্যবসায়িক পণ্য পরিবহন এবং দর্শনা সীমান্ত দিয়ে বাণিজ্য সম্প্রসারণের সুযোগ তৈরি হতে পারে।
এর আগে ফরিদপুরের মধুখালী থেকে মাগুরা পর্যন্ত ১৯ দশমিক ৯০ কিলোমিটার ব্রডগেজ রেললাইন নির্মাণের কাজ শুরু হয়েছে। রেলওয়ের তথ্য অনুযায়ী, ওই প্রকল্পের কাঠামোগত কাজের প্রায় ৫০ দশমিক ৫০ শতাংশ শেষ হয়েছে। প্রস্তাবিত নতুন সংযোগ বাস্তবায়িত হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ আরও বিস্তৃত হবে।
