ঢাকা, বাংলাদেশ   বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

স্কুলছাত্রীকে ৬ স্থানে ছুরিকাঘাত, পালিয়ে শেষ রক্ষা হলো না ইমনের

স্কুলছাত্রীকে ৬ স্থানে ছুরিকাঘাত, পালিয়ে শেষ রক্ষা হলো না ইমনের

কুষ্টিয়ায় বাসার সামনে দশম শ্রেণির এক ছাত্রীকে প্রকাশ্যে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত কিশোর ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার পর পরিবারের সদস্যদের নিয়ে বাড়িতে তালা ঝুলিয়ে আত্মগোপনে গিয়েছিল সে।

মঙ্গলবার রাত ১টার দিকে সদর উপজেলার পাটিকাবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার দুপুরে শহরের থানাপাড়া এলাকায় বিদ্যালয় থেকে ফিরে বাসার সামনে দাঁড়িয়ে থাকার সময় ওই ছাত্রীকে ছুরিকাঘাত করা হয়। এতে তার শরীরের অন্তত ছয়টি স্থানে জখম হয়। বর্তমানে সে আশঙ্কামুক্ত।

পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযুক্তকে শনাক্ত করা হয়। এ ঘটনায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে শহরের বিভিন্ন স্থান থেকে আরও ১৪ জনকে আটক করা হয়েছে।