শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, গার্মেন্টস শিল্পের ন্যায় চামড়া শিল্পেও প্রণোদনা প্রদানের উদ্যোগ নেয়া হচ্ছে। চামড়া ও চামড়া শিল্পজাত পণ্যের রপ্তানির ক্ষেত্রে উৎসাহ দেওয়ার লক্ষ্যে এ প্রণোদনা দেওয়া হবে।
তিনি বলেন, কৃষি প্রধান এই দেশে কৃষির জন্য প্রয়োজনীয় সার উৎপাদনে স্বয়ং সম্পূর্ণতা অর্জনে আশুগঞ্জে পুরাতন সার কারখানার স্থলে একটি আধুনিক সার কারখানা এবং ভোলায় নতুন একটি সার কারখানা স্থাপনের উদ্যোগ নেয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে এ বিষয়গুলোকে অগ্রাধিকার দিয়ে আমরা কর্মপরিকল্পনা গ্রহণ করেছি।
শিল্পমন্ত্রী রবিবার রাজধানীর মতিঝিলে শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দ্বিতীয়বারের মতো এ মন্ত্রণালয়ের দায়িত্বভার গ্রহণ উপলক্ষে আয়োজিত সংবর্ধনা ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় বক্তৃতাকালে এসব কথা বলেন। এ সময় শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং আওতাধীন দপ্তর/সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন।
