সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের পর একই ঘটনায় গ্রেপ্তার হওয়া পশ্চিমবঙ্গের এক শ্রমিকের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগে রয়েছেন তাঁর পরিবারের সদস্যরা। শেখ সাহাবুদ্দিন নামের ওই শ্রমিক বর্তমানে সৌদি আরবের কারাগারে রয়েছেন।
ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বলরামপুরের বাসিন্দা সাহাবুদ্দিন ২০২৩ সালে মক্কার একটি মসজিদে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করার সময় গ্রেপ্তার হন। অভিযোগ, ওই মসজিদে দুই বাংলাদেশি নাগরিকের অনৈতিক আচরণের ভিডিও ধারণের পর তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন তিনি।
সাহাবুদ্দিনের পরিবারের দাবি, বিষয়টির গুরুত্ব না বুঝেই তিনি ভিডিওটি প্রকাশ করেছিলেন। তাঁদের ভাষ্য, সাহাবুদ্দিন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের পর তাঁর পরিবারের উদ্বেগ বেড়েছে। তাঁকে দেশে ফিরিয়ে আনতে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় ও সৌদি আরবে দেশটির দূতাবাসের সঙ্গে যোগাযোগের উদ্যোগ নেওয়া হয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।
