ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩

খামেনির শেষকৃত্যে অংশ না নিতে বিভিন্ন দেশকে চাপ দেওয়ার অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

খামেনির শেষকৃত্যে অংশ না নিতে বিভিন্ন দেশকে চাপ দেওয়ার অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

তেহরানে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফন অনুষ্ঠানে বিভিন্ন দেশকে অংশগ্রহণ থেকে বিরত রাখতে যুক্তরাষ্ট্র কূটনৈতিক চাপ প্রয়োগ করেছে বলে দাবি করেছে ইরানের সংবাদ সংস্থা তাসনিম। সংস্থাটি একটি জ্যেষ্ঠ সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, গত কয়েক দিনে মার্কিন কর্মকর্তারা বিভিন্ন দেশের সরকারের সঙ্গে যোগাযোগ করে অনুষ্ঠানে প্রতিনিধি না পাঠানোর আহ্বান জানান। প্রতিবেদনে দাবি করা হয়, অংশগ্রহণকে যুক্তরাষ্ট্র ‘অবন্ধুসুলভ পদক্ষেপ’ হিসেবে বিবেচনা করতে পারে এবং এর প্রভাব দ্বিপক্ষীয় সম্পর্ক ও উন্নয়ন সহায়তার ওপর পড়তে পারে বলে কয়েকটি দেশকে সতর্ক করা হয়েছে। তাসনিমের ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের চাপের মুখে অন্তত ১৩টি দেশ শেষকৃত্যে প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্ত পরিবর্তন করেছে। এছাড়া কয়েকটি দেশ কূটনৈতিক মাধ্যমে ইরানের কাছে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছে। তবে এসব অভিযোগের বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।