ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩

এবার যেসব বিদেশিদের নাগরিকত্ব দেবে রাশিয়া

এবার যেসব বিদেশিদের নাগরিকত্ব দেবে রাশিয়া

এবার বিদেশি নাগরিক ও তাদের পরিবারকে নাগরিকত্ব দিতে যাচ্ছে রাশিয়া। ইউক্রেনে রাশিয়ার পক্ষে লড়াই করা বিদেশি যোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা এই সুযোগ পাবেন। এমনই একটি প্রস্তুাবে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অনুমোদন দিয়েছেন।

বৃহস্পতিবার এ বিষয়ে একটি ডিক্রি জারি করেছেন পুতিন। খবর রয়টার্সের।

ওই ডিক্রিতে বলা হয়েছে, ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানে লড়াইয়ের জন্য যারা চুক্তিবদ্ধ হয়েছেন তারা নিজেদের ও সঙ্গী, সন্তান এবং বাবা-মায়ের রুশ পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। তাদের অবশ্যই প্রমাণ দেখাতে হবে যে, তারা ন্যূনতম এক বছর ধরে চুক্তিবদ্ধ আছেন। এতে আরও বলা হয়েছে, রাশিয়ার নিয়মিত সেনাবাহিনী বা অপর সামরিক কাঠামোর সঙ্গে চুক্তিবদ্ধ যোদ্ধাদের রুশ পাসপোর্ট পাওয়ার জন্য যোগ্য বিবেচনা করা হবে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সামরিক অভিজ্ঞতা থাকা বিদেশিদের রুশ বাহিনীতে নিয়োগে উৎসাহিত করতে এই পদক্ষেপ হয়তো নেওয়া হয়েছে।

ইউক্রেনের চলমান যুদ্ধকে রাশিয়া নিজেদের বিশেষ সামরিক অভিযান হিসাবে উল্লেখ করে। যুদ্ধে সেনাদের প্রাণহানির কথা প্রকাশ করেনি মস্কো। এমনকি ইউক্রেনে তাদের হয়ে কতজন বিদেশি যোদ্ধা লড়াই করছে, সেই সংখ্যাও প্রকাশ করেনি।