ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩

ইরানে সন্ত্রাসী হামলার পেছনে ইসরাইল : হামাস

ইরানে সন্ত্রাসী হামলার পেছনে ইসরাইল : হামাস

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস বলেছে, বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে জোড়া সন্ত্রাসী হামলা ইসলামি প্রজাতন্ত্র ইরানের নিরাপত্তা ও স্থিতিশীলতাকে ব্যাহত করার লক্ষ্যে ইহুদিবাদীদের শয়তানি পরিকল্পনার অংশ।

এ সন্ত্রাসী হামলার প্রতিবাদে বুধবার রাতে এক বিবৃতিতে এ কথা বলেছে হামাস। এতে এ সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে।

চার বছর আগে ইরাকে মার্কিন হামলায় নিহত ইরানি জেনারেল কাসেম সোলেইমানির সম্মানে আয়োজিত অনুষ্ঠানে ভয়াবহ ওই সন্ত্রাসী হামলায় শতাধিক নিহত ও অসংখ্য মানুষ আহত হন।

বিবৃতিতে হামাস আরও বলে, আমরা এ অঞ্চলের জনগণের নিরাপত্তা এবং স্বার্থকে লক্ষ্য করে এমন যেকোনো কাজের নিন্দা জানাই। ইসলামিক প্রজাতন্ত্র এবং নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে হামাস।

বুধবার কেরমানে ইরানের শীর্ষ কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানির সমাধিস্থলের কাছে ১০ মিনিটের ব্যবধানে বড় দুটি বিস্ফোরণ ঘটে। অনুষ্ঠানে হাজার হাজার মানুষ সোলাইমানির চতুর্থ শাহাদাতবার্ষিকী উপলক্ষে জড়ো হয়েছিলেন।

সোলেইমানিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির পরই সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হিসেবে মনে করা হতো। ইরানের বিপ্লবী গার্ডের বিদেশি অপারেশন শাখা কুদস ফোর্সের কমান্ডার হিসেবে তিনি সমগ্র অঞ্চলে ইরানি নীতির একজন স্থপতি ছিলেন।