ঢাকা, বাংলাদেশ   সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

সাংবাদিককে গালাগাল ও হত্যার হুমকির অভিযোগ, পরীমনিকে আইনি নোটিশ

সাংবাদিককে গালাগাল ও হত্যার হুমকির অভিযোগ, পরীমনিকে আইনি নোটিশ

আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও হত্যার হুমকির অভিযোগে চিত্রনায়িকা পরীমনিকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। সাত দিনের মধ্যে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে তাঁকে।

রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার রেজিস্ট্রি ডাকযোগে পরীমনি এবং চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে নোটিশ পাঠান।

নোটিশে অভিযোগ করা হয়, গত ৫ নভেম্বর ঢাকার আদালত প্রাঙ্গণে ছবি ধারণের সময় সাংবাদিকদের সঙ্গে পরীমনির নিরাপত্তাকর্মীদের ধাক্কাধাক্কি হয়। এ সময় এক সাংবাদিকের মুঠোফোন কেড়ে নেওয়া এবং ট্রাইপড ভাঙচুরের অভিযোগও রয়েছে। পরে এক সাংবাদিককে গালাগাল ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ ওঠে।

নোটিশে ভবিষ্যতে এমন আচরণ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি শিল্পী সমিতিকে সাত দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। অন্যথায় আইনগত পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন নোটিশদাতা।