ঢাকা, বাংলাদেশ   বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩

রঙ্গনা’র জন্যই দেশে এসেছি : শাবনূর

রঙ্গনা’র জন্যই দেশে এসেছি : শাবনূর

দীর্ঘ সময়ের বিরতি কাটিয়ে আনুষ্ঠানিকভাবেই পর্দায় ফিরলেন দেশের চলচ্চিত্রের একসময়ের দাপুটে নায়িকা শাবনূর। তরুণ নির্মাতা আরাফাত হোসাইনের ‘রঙ্গনা’ সিনেমা দিয়ে কাজে ফিরেছেন তিনি।

শনিবার (১০ ফেব্রুয়ারি) ছিল এম এস ফিল্মসের ব্যানারে নির্মিত এই সিনেমার মহরত। রাজধানীর ঢাকা ক্লাবে আয়োজিত এই অনুষ্ঠানে হাজির ছিলেন সিনেমার নায়িকা শাবনূর, নির্মাতাসহ আরও কলাকুশলীরা।

এদিন ‘রঙ্গনার’ পাশাপাশি নতুন আরও একটি সিনেমার ঘোষণা দেন এই নির্মাতা। যেখানেও থাকছেন শাবনূর। সিনেমার নাম ‘এখনো ভালোবাসি’। প্রযোজনায় আছেন মৌসুমী আক্তার মিথিলা।

চলচ্চিত্রে ফেরা প্রসঙ্গে শাবনূর বলেন, ‘রঙ্গনা’ সিনেমার জন্যই দেশে এসেছি। এই সিনেমার গল্প ও গান আমাকে টেনে এনেছে। সিনেমাটিতে আমাকে ভিন্ন ঘরানার একটি চরিত্রে দেখা যাবে। আপাতত গল্প বলা যাবে না। তবে সময় উপযোগী গল্প। দশ বছর আগে আমাদের সিনেমার এক ধরনের দর্শক ছিল এখন আরেক ধরনের দর্শক। সবকিছু বিবেচনা করে বর্তমান প্রেক্ষাপট মাথায় রেখেই গল্পটি তৈরি হয়েছে। এখনকার দর্শক এ ধরনের গল্পই পছন্দ করে। পরিচালক সিনেমাটির জন্য অনেক পরিশ্রম করছেন। ক্যামেরার সামনে আসতে আর বেশি দিন লাগবে না। শিগগিরই কাজটি শেষ করব। এখন ‘রঙ্গনা’র জন্য প্রস্তুতি নিচ্ছি।

দীর্ঘ দিনের বিরতির পর পর্দায় ফেরায় অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে এই নায়িকাকে। এ বিষয়ে শাবনূরের ভাষ্য, অনেকে আমাকে বলেছেন—তুমি এতদিন পর এসে কি করবে? সিনেমাটি ঘিরে অনেক তর্ক-বিতর্ক হয়েছে। শুরুতেই আরাফাতকে বলেছি—কর্ম করলে কেষ্ট মিলে। ভালো কিছু করতে গেলে ঘাত-প্রতিঘাত থাকবেই। এ নিয়েই চলতে হয়। মনোযোগ দিয়ে কাজটি করে নিজেকে প্রমাণ দিতে হবে।

নতুন নির্মাতাদের প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, নতুনদের সঙ্গে কাজ করতে আমার বরাবরই ভালো লাগে। এখনকার নতুন নির্মাতারা অনেক ভালো করছেন। ‘রঙ্গনা’র গানটা শুনেই বলেছি—এখনই শুটিং শুরু করলে ভালো হতো। কাজে ফিরতে পেরে অনেক ভালো লাগছে। গল্প নিয়ে এখন কিছু বলতে চাই না তবে পর্দায় চমক দেখাবো।