ঢাকা, বাংলাদেশ   বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩

‘মদ, সিগারেট, স্মার্টফোন নিয়ে বোম্ব ফাটালেন শিল্পী আগুন’

‘মদ, সিগারেট, স্মার্টফোন নিয়ে বোম্ব ফাটালেন শিল্পী আগুন’

একসময়ের জনপ্রিয় সংগীতশিল্পী আসিফুর রহমান আগুন। দেশের বর্তমান শোবিজ অঙ্গনের পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে কারো নাম উল্লেখ না করে মিডিয়াতে শো-অফ করা ও দেশের মানুষের প্রয়োজনের অতিরিক্ত অর্থ ব্যবহারের সমালোচনা করেছেন আগুন।

সাক্ষাৎকারে আগুন বলেন, ‘মাসে ৭৫ হাজার কোটি টাকার মদ ও দেড় হাজার কোটি টাকা সিগারেটের পেছনে ব্যয় করে এ দেশের মানুষ। এরপরও অনেকে বড় মুখ করে বলেন, আমার দেশ গরিব। এ দেশে এমন অনেক লোক আছে যারা ব্র্যান্ড ছাড়া পোশাক কেনেন না। ব্র্যান্ডের পোশাক কেনার পর আবার ঢাকঢোল পিটিয়ে সে কথা জানান সবাইকে। আমার এসব আচরণ একদমই অপছন্দ। প্রয়োজনের অতিরিক্ত কোনকিছুই ভালো না।’

ইন্টারনেটের ব্যবহার প্রসঙ্গে এই গায়ক বলেন, ‘নেটদুনিয়ায় সবার জন্য সবকিছু খোলা থাকায় দেশে ভয়ংকর পরিস্থিতি নেমে এসেছে। নীল ছবি বেশি দেখার তালিকায় পৃথিবীর ২০৬টি দেশের মধ্যে পঞ্চম স্থানে রয়েছে বাংলাদেশ। চলচ্চিত্রে এখন ১৮ প্লাস ক্যাটাগরির সিনেমা মানেও অসঙ্গতি। দেশে শিশুদের ‘আদর্শ লিপি’ বই আর পড়ার চল নেই। তাহলে আদর্শ মানুষ কীভাবে তৈরি হবে?’

স্মার্টফোনের প্রসঙ্গ তুলে আগুন বলেন, ‘কিছু মানুষের জন্য সমাজে আরও অনেক অসঙ্গতি দেখা যায়। এক স্মার্টফোনের মাধ্যমে বিশ্বের সবকিছু আজ হাতের মুঠোয়। এটা ভালো দিক। কিন্তু একজন রুচিশীল, শিক্ষিত ওই স্মার্টফোন দিয়ে যা দেখতে বা জানতে চাইবে একজন রুচিহীন বা অশিক্ষিত কেউ কিন্তু তা দেখতে বা জানতে চাইবে না। তারা অশৈল্পিক জিনিসের প্রতিই বেশি ঝুঁকবে। তাই সবার কাছে সব টেকনোলজি খুলে রাখা উচিত নয় বলে আমি মনে করি।’