বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেন, রমযান উপলক্ষ্যে যথেষ্ট পরিমাণ খাদ্য মজুত আছে। ভারত দীর্ঘদিন রফতানি বন্ধ করে রেখেছিল। ভারতের বানিজ্যমন্ত্রীর সাথে কথা হয়েছে। রমযান মাসের আগেই ভারত বাংলাদেশে চিনি ও পেঁয়াজ রফতানি করবে। আগে যে শুল্ক বেশি ছিল এখন সেটা কমিয়ে আনা হবে। এছাড়াও ব্রাজিল ও বিভিন্ন দেশ থেকে চিনিসহ বিভিন্ন সামগ্রী আসছে বলেও জানান তিনি। তাই রোজার আগে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে চলে আসবে।
শুক্রবার (২৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে টাঙ্গাইলের দেলদুয়া উপজেলার নিজ বাসভবনে সাধারণ মানুষের সাথে মতবিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, আপনারা বাজার যাছাই করে সংবাদ করবেন। এক বাজার দেখলেন ১৫০ টাকা আবার আরেক বাজার ২৫০ টাকা, তাহলে হবে না। সকল বাজার থেকে তথ্য যাচাই করে সংবাদ করার আহ্বান জানিয়ে এ সময় মন্ত্রী বলেন, তাহলে আর জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হবে না।
