২০২২ সালের আগস্ট মাসে জ্বালানি তেলের দাম ৪৭ শতাংশ বৃদ্ধি করে সরকার। আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির ফলে লোকসানের হাত থেকে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনকে (বিপিসি) বাঁচাতে এই উদ্যোগ নেয়। ফলে বিগত ২০২২-২৩ অর্থবছরে চার হাজার ৫৮৬ কোটি টাকা মুনাফা করেছে রাষ্ট্রায়ত্ত সংস্থাটি। তবে, যথেষ্ট মুনাফা ও বিশ্ববাজারে তেলের দাম সহনীয় পর্যায়ে থাকার পরও দেশের বাজারে কমছে না জ্বালানি তেলের দাম।
দেশে জ্বালানি তেলের চাহিদার মাত্র ৮ শতাংশ পূরণ হয় স্থানীয় উৎস থেকে। আমদানির মাধ্যমে বাকি চাহিদা পূরণে কাজ করে বিপিসি। অপরিশোধিত তেল আমদানি করা হয় সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে। এর বাইরে আটটি দেশ থেকে জিটুজি চুক্তির মাধ্যমে পরিশোধিত তেল আমদানি করা হয়।
বিপিসির বার্ষিক প্রতিবেদন থেকে জানা যায়, ২০২২-২৩ অর্থবছরে প্রায় ১৫ লাখ ৫১ হাজার টন অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করেছে বিপিসি। এর মধ্যে রয়েছে ছয় লাখ ৮২ হাজার টন মারবান ক্রুড ও আট লাখ ৬৯ হাজার টন অ্যারাবিয়ান ক্রুড। আমদানিবাবদ সংস্থাটির ব্যয় হয়েছে ১০ হাজার ৯৬৮ কোটি টাকা।
সরকার বিদ্যুৎ ও জ্বালানি খাতের মূল্য নির্ধারণ নিয়ে কাজ করছে। আগামী কয়েক বছরের মধ্যে বিদ্যুৎ ও জ্বালানি খাতকে ভর্তুকি থেকে বের করে আনাই সরকারের লক্ষ্য। আন্তর্জাতিক বাজারের সঙ্গে দেশের বাজারের জ্বালানি তেলের দাম সামঞ্জস্যপূর্ণ করতে সরকার আগামী কয়েক মাসের মধ্যে একটি স্বয়ংক্রিয় জ্বালানি-মূল্য নির্ধারণ প্রক্রিয়া বাস্তবায়নের পরিকল্পনা করেছে।
এ ছাড়া, ৪০ লাখ ৩৬ হাজার টন ডিজেল, প্রায় তিন লাখ ৩৭ হাজার টন মোগ্যাস, চার লাখ ৭৮ হাজার টন জেট ফুয়েল, প্রায় চার লাখ ৩৬ হাজার টন ফার্নেস অয়েল ও ৩০ হাজার টন মেরিন ফুয়েল আমদানি করা হয়েছে। সবমিলিয়ে সংস্থাটি এ সময় মোট পরিশোধিত জ্বালানি আমদানি করেছে প্রায় ৫৩ লাখ ১৭ হাজার টন, যার আর্থিক মূল্য ৫১ হাজার ১৬৪ কোটি টাকা।
করোনা-পরবর্তীতে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে গেলে লোকসানের মুখে পড়ে বিপিসি। সেবার ২০২১-২২ অর্থবছরে দুই হাজার ৭০৫ কোটি টাকা লোকসান করে প্রতিষ্ঠানটি। যদিও এর আগে থেকে লাভের মুখেই ছিল বিপিসি। গত নয় বছরে বিপিসির মুনাফার পরিমাণ ৪২ হাজার ৯৩৩ কোটি টাকা। এর মধ্যে ২০১৪-১৫ অর্থবছরে চার হাজার ২১২ কোটি ,২০১৫-১৬ অর্থবছরে সাত হাজার ৭৫৩ কোটি, ২০১৬-১৭ অর্থবছরে চার হাজার ৫৫১ কোটি, ২০১৭-১৮ অর্থবছরে ছয় হাজার ৫৩৩ কোটি, ২০১৮-১৯ অর্থবছরে তিন হাজার ৮৪৬ কোটি, ২০১৯-২০ অর্থবছরে পাঁচ হাজার ৬৫ কোটি, ২০২০-২১ অর্থবছরে নয় হাজার ৯২ কোটি টাকা মুনাফা করে বিপিসি। এর মধ্যে কেবল ২০১৬ সালের ২৫ এপ্রিল দেশের বাজারে জ্বালানি তেলের দাম কমানো হয়েছিল।
বিদ্যুৎ,জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন, সরকার বিদ্যুৎ ও জ্বালানি খাতের মূল্য নির্ধারণ নিয়ে কাজ করছে। আগামী কয়েক বছরের মধ্যে বিদ্যুৎ ও জ্বালানি খাতকে ভর্তুকি থেকে বের করে আনাই সরকারের লক্ষ্য। আন্তর্জাতিক বাজারের সঙ্গে দেশের বাজারের জ্বালানি তেলের দাম সামঞ্জস্যপূর্ণ করতে সরকার আগামী কয়েক মাসের মধ্যে একটি স্বয়ংক্রিয় জ্বালানি-মূল্য নির্ধারণ প্রক্রিয়া বাস্তবায়নের পরিকল্পনা করেছে। এ পরিকল্পনার আওতায় প্রতি মাসে একবার পরিশোধিত পেট্রোলিয়াম পণ্যের দাম সমন্বয় করা হবে।
তবে বিশেষজ্ঞরা বলছেন, স্বয়ংক্রিয় ফর্মুলায় তেলের দাম সহনীয় পর্যায়ে রাখতে প্রয়োজন সরকার ও বিপিসির যৌথ সমন্বয়। জ্বালানি বিশেষজ্ঞ ইজাজ আহমেদ বলেন, স্বয়ংক্রিয় ফর্মুলায় তেলের দাম সহনীয় পর্যায়ে রাখতে সরকার ও বিপিসিকে একটা সমন্বয়ের মধ্যে আসতে হবে। সরকার তার নির্ধারিত ট্যাক্স এবং বিপিসি তার অপারেশনাল খরচটুকু নিলে আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য যখন বৃদ্ধি পাবে, তখন জনগণের ওপর চাপটা অধিক হয়ে দাঁড়াবে না।
